সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আলিয়া মাঠে শনিবার স্মরণকালের বড় জনসভার প্রস্তুতি ১১ দলীয় জোটের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নির্বাচনী সফরের অংশ হিসেবে আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেট সফরে আসছেন। বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নগরীর ধোপাদিঘীরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত ব্রিফিংয়ে জোটের মহানগর নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, জনসভায় সিলেট জেলার ৬টি এবং সুনামগঞ্জ জেলার ৪টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। বিকেল ৩টায় জনসভা শুরু হয়ে সাড়ে ৪টার মধ্যে শেষ হবে। জামায়াত আমীর হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন এবং এর আগে হবিগঞ্জ ও মৌলভীবাজারে জনসভায় অংশ নেবেন। সময় সংকটের কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগে মানুষের আগ্রহ থাকলেও অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ না থাকায় জনমনে উদ্বেগ রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয় ভূমিকার আহ্বান জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান, নির্বাচন পরিচালক হাফিজ আব্দুল হাই হারুন, অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, মাওলানা এমরান আলম, হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মোজাম্মেল হোসেন লিটন, মো. ওমর ফারুক, শাহজাহান আহমদ লিটন, কবির আহমদ ও মোহাম্মদ শাহজাহান আলীসহ জোটের নেতৃবৃন্দ।

এসময় মাওলানা হাবিবুর রহমান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তারা আস্থা রাখতে চান। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সাংবাদিক ও সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: