সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবির সিলেট মহানগরের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ::

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) দুপুর ১টা ৪৫ মিনিটে বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে আম্বরখানা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, শাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা যখন তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার স্বপ্ন দেখছে, তখন বিএনপি ও তাদের সহযোগী সংগঠন ছাত্রদল সেই স্বপ্ন ভেঙে দিতে পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে। ঢাকায় মব সৃষ্টি করে নির্বাচন কমিশন ভবন ঘেরাওয়ের মাধ্যমে তারা আবারও প্রমাণ করেছে—তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে না। তারা ভয় পায় ব্যালটকে এবং সাধারণ শিক্ষার্থীদের রায়কে।

তিনি আরও বলেন, ডাকসু, রাকসু, চাকসু, জাকসু ও জকসুতে শিক্ষার্থীরা যেভাবে তাদের প্রত্যাখ্যান করেছে, শাবিপ্রবির মাটিতেও তাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে—এই আশঙ্কা থেকেই তারা শাকসু নির্বাচন ঠেকাতে মরিয়া হয়েছে।

শরীফ মাহমুদ বলেন, সামনে জাতীয় নির্বাচন থাকায় শাকসু নির্বাচনে পরাজয়ের ভয় বিএনপিকে আতঙ্কিত করে তুলেছে। শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনে হারলে তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব সবার সামনে স্পষ্ট হয়ে পড়বে—এই লজ্জা এড়াতেই তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শাবিপ্রবির প্রায় ৯ হাজার শিক্ষার্থীই নির্ধারণ করবে শাকসু নির্বাচন হবে কি হবে না। জাতীয় নির্বাচনের অজুহাত বা পরাজয়ের ভয়ে যারা নির্বাচন স্থগিত করেছে, তাদের দাঁতভাঙা জবাব শিক্ষার্থীরাই দেবে। একই সঙ্গে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দ্রুত শাকসু নির্বাচনের পথ সুগম করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে নেমেছে এবং শাকসু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না। যারা শাকসু নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের সাবধান হয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন—কোনো ষড়যন্ত্রই শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের সামনে টিকবে না।

বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইয়ুব মঞ্জু এবং সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের।
মিছিলে সিলেট মহানগর ও জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতাকর্মীসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: