সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার ::

সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। মঙ্গলবার বিকেলে সিলেট প্রেসক্লাব ভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

ক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকরা বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার সংখ্যা হ্রাস, বর্ডার হাট বন্ধ থাকা এবং স্টুডেন্ট স্কলারশিপ কমে যাওয়ার বিষয়গুলো তুলে ধরেন।

শুভেচ্ছা বক্তব্যে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ভারতীয় ভিসা ইস্যু কমে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, এটি একটি সাময়িক পরিস্থিতি। নতুন সরকার গঠনের পর ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বর্ডার হাট পুনরায় চালু এবং স্টুডেন্ট স্কলারশিপ কার্যক্রম চালুর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হবে বলেও জানান। তিনি বলেন, বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব অটুট রাখতে ভারত আগ্রহী এবং সিলেটের মানুষের অতিথিপরায়ণতার প্রশংসা করেন। একই সঙ্গে সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান তিনি।

ক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর বলেন, ভারতের আসাম ও কলকাতার সঙ্গে বাংলাদেশ তথা সিলেটের সংস্কৃতিগত মিল রয়েছে। ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও দৃঢ় করতে হলে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে হবে। শুভেচ্ছার নিদর্শন হিসেবে ভারতীয় সহকারী হাইকমিশনার সিলেট প্রেসক্লাব সভাপতিকে একটি উত্তরীয় উপহার দেন।

অনুষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন অব ইন্ডিয়া, সিলেট-এর সেকেন্ড সেক্রেটারি (প্রেস, ইনফরমেশন, কালচার অ্যান্ড এডুকেশন) রাজেশ ভাটিয়া ও হাইকমিশনের কর্মকর্তা মিথুন উপস্থিত ছিলেন।

সিলেট প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সহসভাপতি মো. ফয়ছল আলম, সহসাধারণ সম্পাদক খালেদ আহমদ, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান এবং নির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন ও আনাস হাবিব কলিন্স।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: