![]()


সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, মাওলানা হাবিবুর রহমান বলেছেন, তিনি ভোটারদের সামনে কোনো বড় প্রতিশ্রুতি দিতে আসেননি; বরং একজন সেবক হিসেবে কাজ করার সুযোগ চাইছেন।
বুধবার দুপুরে সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকায় দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, দাঁড়িপাল্লা ন্যায়বিচারের প্রতীক। নির্বাচিত হলে ধনী-দরিদ্র নির্বিশেষে সমাজের সব মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য।
তিনি বলেন, সিলেটের এই এলাকা দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। বারবার জনপ্রতিনিধি পরিবর্তন হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি নির্বাচিত হলে রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একই সঙ্গে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ জনপদ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
গণসংযোগকালে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এ সময় একটি প্রচার মিছিলও অনুষ্ঠিত হয়। এলাকাবাসী তাদের নানা সমস্যার কথা সংসদ সদস্য প্রার্থীর কাছে তুলে ধরেন। তিনি নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
মাওলানা হাবিবুর রহমান আরও বলেন, ভোট একটি পবিত্র আমানত। আগামী ১২ তারিখে ভোটারদের যোগ্য ও সৎ মানুষকে বেছে নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, একটি ভোটই পারে এলাকার ভাগ্য পরিবর্তন করতে। উন্নয়ন ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা করেন তিনি।
গণসংযোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মাষ্টার আব্দুল হান্নান, পারভেজ আহমদ, জাকারিয়া আহমদ, মুরাদ আহমদ, কয়েস আহমদ, ফয়সল আহমদ, ইউসুফ বিন সানি, আমিনুল ইসলাম মাহমুদ, সাদিক আহমদ, রাসেল আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার দুপুরে তিনি সিলেট নগরীর পার্ক ভিউ মেডিকেল এলাকা ও মাছিমপুর এলাকায় গণসংযোগ করেন। পরে বিকেলে কালিঘাট এলাকায় একটি পথসভায় বক্তব্য রাখেন।
ছবির ক্যাপশন: সদর উপজেলার টুকেরবাজারে দাঁড়িপাল্লা মার্কার গণসংযোগ করছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।-বিজ্ঞপ্তি