![]()


খলিলুর রহমান, বড়লেখা :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব তারাদরম গ্রামের দীর্ঘদিনের অবহেলিত রাস্তা উন্নয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ জানুয়ারি গ্রামের আজিজুল ইসলাম (ব্যাংকার) ও শিক্ষক বদরুল ইসলামের উদ্যোগে তাদের নিজ বাড়িতে এই সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত গ্রামবাসীরা জানান, বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিবছর রাস্তাটি ভেঙে যায়। ফলে সারা বছরই গ্রামবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বাহাদুরপুর চা-বাগানের সীমানা দড়ার পার থেকে সি অ্যান্ড বি সড়ক পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
এ অবস্থায় গ্রামবাসীর উদ্যোগে রাস্তার দু’পাশে গার্ড ওয়াল নির্মাণ এবং পানি নিষ্কাশনের জন্য ছড়া খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বক্তারা বলেন, বিগত ১৫ থেকে ২০ বছরেও এই গ্রামে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এবার এলাকাবাসীর সম্মিলিত অর্থায়ন ও সহযোগিতায় এলাকার যুব সমাজ রাস্তা উন্নয়ন ও গার্ড ওয়াল নির্মাণের কাজ হাতে নিয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা বিএনপি নেতা মুজিব রেজা চৌধুরী, আইডিয়াল সোসাইটি ইউকে’র সভাপতি ও নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম, ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদ, বায়েস সোলার লিমিটেডের ব্যবস্থাপনা সম্পাদক ও বড়লেখার কৃতি সন্তান আশরাফ আহমদ চৌধুরী, সিলেট আইডিয়াল মাদ্রাসার সুপার মাওলানা ফয়জুর রহমান।
এছাড়া বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাসান শামীম, সদস্য আজাদ বাহার জামালী, সাংবাদিক রেদওয়ান আহমদ, সাংবাদিক আতাউর রহমান, সাবেক ছাত্রনেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ খায়রুল ইসলাম, ছাত্রনেতা শরিফ উদ্দিন, শিক্ষক আশরাফুল রহমান, শিক্ষক আলতাফুর রহমান, ব্যবসায়ী আপ্তাবুর রহমান, সমাজসেবক রাহেল আহমদ, মো. শফিক উদ্দিন, মোহাম্মদ আব্দুল বাছিতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা দ্রুত রাস্তা উন্নয়নের কাজ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।