![]()


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে জনপ্রিয় পর্যটন স্পট সাদাপাথর পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচলের অনুমতি দিয়েছে উপজেলা প্রশাসন। এ এলাকায় অন্য কোনো নৌকা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এ নির্দেশনা প্রচার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালীদের যোগসাজশে ব্রিজের আশপাশে প্রকাশ্যে বালু লুট হয়ে আসছিল। এ অনিয়ন্ত্রিত বালু লুট রোধ করতেই নতুন নির্দেশনা জারি করেছে প্রশাসন।
এর আগে একই দিন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধলাই সেতুর আশপাশ থেকে বালু লুটে ব্যবহৃত অন্তত ২০টি নৌকা জব্দ করা হয়। পরে উপজেলা প্রশাসন মাইকিংয়ের মাধ্যমে নতুন সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দেয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ তার ব্যক্তিগত ফেসবুক পেজে এ নির্দেশনার ভিডিও শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, নির্দেশনা ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে এবং কেউ এ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।