![]()


স্টাফ রিপোর্টার ::
‘পথ যেন হয় শান্তির—মৃত্যুর নয়’ এই প্রত্যয়কে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ কার্যবর্ষের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নিসচা সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মিশু। সাধারণ সম্পাদক মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াতের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও নিসচা সিলেট জেলা শাখার প্রধান উপদেষ্টা মুকতাবিস উন নূর।
বিশেষ অতিথি ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও নিসচার উপদেষ্টা গোলজার আহমদ হেলাল, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক মো. কাপ্তান হোসেন এবং সিলেট মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।
নিসচা সিলেট জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আহমদ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, সদস্য আহমদ ফুহাদ বিন রাশিদ ও আব্দুল্লাহ এ মাসুম।
প্রধান অতিথির বক্তব্যে মুকতাবিস উন নূর বলেন, সড়ক দুর্ঘটনার হার দিন দিন যেভাবে বাড়ছে, তা উদ্বেগজনক। দুর্ঘটনা রোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি মহাসড়ক ও হাইওয়েতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রশিক্ষিত চালক ছাড়া কেউ যাতে ড্রাইভিং লাইসেন্স না পান, সে বিষয়ে বিআরটিএকে কঠোর ভূমিকা পালন করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে নিসচা সারাদেশে যে কার্যক্রম পরিচালনা করছে, তা প্রশংসনীয়। বিশেষ করে সিলেট অঞ্চলে সংগঠনটি প্রতি মাসে সড়ক দুর্ঘটনার যে প্রতিবেদন প্রকাশ করে, তাতে দুর্ঘটনার বিভিন্ন কারণ তুলে ধরা হচ্ছে।
সভায় নিসচা সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ কার্যবর্ষের নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে নিসচা সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. সাহেদুর রহমান সাহেদ, আবু জাবের, অর্থ সম্পাদক সোহেল চৌধুরী, প্রচার সম্পাদক শাহীন আহমদ, প্রকাশনা সম্পাদক আজমল আলী, আইন বিষয়ক সম্পাদক ফয়সল চৌধুরী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মাজিদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা হোসেন সম্রাট, যুব বিষয়ক সম্পাদক মো. জাহেদুর আলম রাফি, সদস্য মো. শরিফ আহমদ, শেখ জাবেদ আহমদ এমরান, এমদাদুল হক রিপন, সেলিম আহমদ, মো. আফজাল হোসেন খান, মো. হাফিজুর রহমান, খায়রুল ইসলাম, রেজাউল করিম সোহেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ‘We Demand Safe Road’ স্লোগানকে সামনে রেখে সিলেটে নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রম আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সারাদেশের মতো নিসচা সিলেট জেলা শাখাও মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় নিরাপদ সড়ক দিবসের এবারের প্রতিপাদ্য—‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’।