![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট নগরীর কাজিরবাজার এলাকায় চা পরিবেশনে সামান্য বিলম্ব হওয়ায় ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক তরুণ রেস্টুরেন্ট কর্মচারী। নিহতের নাম দিনার আহমদ রুমন (২২)। তিনি দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের সব্দলপুর গ্রামের মৃত তকলিছ আহমদের ছেলে।
রোববার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে নগরীর কাজিরবাজার মাছ বাজারসংলগ্ন একটি ছাপড়ি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে এক যুবক দোকানে চা খেতে এসে বিলম্ব হওয়ায় কর্মচারী রুমনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। দোকানের মালিক ও আশপাশের লোকজন বিষয়টি সামাল দিয়ে পরিস্থিতি শান্ত করলেও কিছুক্ষণ পর ওই যুবক কয়েকজন সহযোগী নিয়ে ফের দোকানে এসে রুমনের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা রুমনকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চায়ের দোকানের মালিক নিরু মিয়া বলেন, “চা দিতে একটু দেরি হওয়ায় এক যুবকের সঙ্গে রুমনের সামান্য কথা কাটাকাটি হয়েছিল। আমরা তখন তা মিটিয়ে দেই। কিন্তু কিছুক্ষণ পর সে আবার কয়েকজনকে নিয়ে এসে রুমনের ওপর হামলা চালায়।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, “নিহতের শরীরে চারটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পরপরই আমরা অভিযান শুরু করি এবং হত্যাকাণ্ডের প্রধান আসামি আব্বাস মিয়াকে আটক করা হয়েছে। হত্যায় জড়িত অন্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।”
নিহত রুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।