সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রনায়ক তারেক রহমান : সিলেটে ব্যারিস্টার সালাম

স্টাফ রিপোর্টার ::

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তার উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।

শনিবার (১২জুলাই) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিক ও সুধীজনদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার সালাম বলেন, “তারেক রহমান যুক্তরাজ্যে নির্বাসিত থেকেও ক্যারিশম্যাটিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন পরিচালনা করেছেন। তার অগ্নিঝরা বক্তব্য ও শ্লোগান দেশের প্রতিটি প্রান্তে আন্দোলনের বার্তা পৌঁছে দিয়েছে।”

তিনি উল্লেখ করেন, “‘টেইক ব্যাক বাংলাদেশ’, ‘বাংলাদেশ যাবে কোন পথে—ফায়সালা হবে রাজপথে’, ‘দফা এক, দাবি এক—শেখ হাসিনার পদত্যাগ’—এসব শ্লোগান আন্দোলনের শক্ত ভিত তৈরি করে। তার নেতৃত্বেই শহর থেকে গ্রাম-গঞ্জ, স্কুল-কলেজে ছড়িয়ে পড়ে আন্দোলনের দাবানল।”

জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, “এটি কোনো হঠাৎ ঘটনা নয়; এটি গত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী ধারাবাহিক আন্দোলনের যৌক্তিক পরিণতি।”

সরকারবিরোধী অভিযোগ তুলে ব্যারিস্টার সালাম বলেন, “গণতন্ত্র ধ্বংস করে আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। গুম, খুন, মিথ্যা মামলা, গ্রেফতার ও বাক-স্বাধীনতা হরণের মধ্য দিয়ে তারা জনগণকে দমন করেছে। সিলেটসহ সারাদেশে বহু মানুষ নিখোঁজ ও শহীদ হয়েছেন—যাদের অধিকাংশেরই বিচার আজও হয়নি।”

তারেক রহমানকে ‘দূরদর্শী রাষ্ট্রনায়ক’ আখ্যা দিয়ে তিনি বলেন, “তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি এখন একটি প্রতিষ্ঠান। সকল রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে প্রণীত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা তারই নেতৃত্বে প্রণয়ন করা হয়েছে।”

বিএনপি সরকার গঠন করলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, নারী উন্নয়ন, প্রবাসী কল্যাণসহ প্রতিটি খাতে গঠনমূলক সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, “স্বাধীন গণমাধ্যমই জাতির বিবেক। গত ১৭ বছরে শতাধিক সাংবাদিক নির্যাতিত হয়েছেন। তাই সাংবাদিকদের সাহসী ভূমিকা আগামী দিনের বাংলাদেশ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ব্যারিস্টার সালাম তার বক্তব্যের শেষে বলেন, “শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের মালিকানা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে।”

সভায় সিলেটের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ছাড়াও রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: