![]()


কুলাউড়া প্রতিনিধি::
মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজের ২দিন পর বাড়ির পাশের একটি ছড়ায় নাসিফা জান্নাত আনজুম (১৫) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ জুন) বিকেলে স্থানীয়রা বাড়ির পাশের একটি খালে তার মৃতদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখান থেকে রাতে মৃতদেহটি উদ্ধার করে। নাসিফা উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের আব্দুল খালিকের মেয়ে এবং স্থানীয় শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসিফা গত ১২ জুন সকালে স্থানীয় একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে তাকে না পেয়ে ওই দিনই কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।