![]()


কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে নৃপেন্দ্র মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজার কৌলা এলাকায় ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নৃপেন্দ্র মল্লিকের মৃত্যু হয়। খবর পেয়ে কুলাউড়া রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে রবিবার (১৫জুন) মর্গে পাঠায়। নৃপেন্দ্র মল্লিক ওই ইউনিয়নের কৌলা গ্রামের মৃত নগেন্দ্র মল্লিকের পুত্র।
নৃপেন্দ্র মল্লিকের আত্নীয় নিবারন মল্লিক জানান, স্থানীয় বাজারে রাতে চা খাওয়ার জন্য নৃপেন্দ্র মল্লিক বাড়ি থেকে বের হয়ে যান। রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাকে খোঁজতে বের হলে চৌধুরী বাজারের কৌলা এলাকায় রেললাইনে তার খন্ডিত লাশ দেখতে পান।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিমুজ্জামান জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে ঢাকাগামী উপবন ট্রেনের নিচে কাটা পড়ে নৃপেন্দ্র মল্লিকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হবে।