![]()


সুনামগঞ্জ সংবাদদাতা ::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে বজ্রপাতে আমির হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আমির হোসেন লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র এবং বক্তারপুর গ্রামের ফজল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ মে) দুপুরে আমির হোসেন হাওরে কৃষিকাজে ব্যস্ত বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন। এ সময় পথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
এ ঘটনায় বক্তারপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী সবাই এই অকাল মৃত্যুতে শোকাহত।