সর্বশেষ আপডেট : ৫৯ মিনিট ১৯ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চা শ্রমিকদের আন্দোলন: ৩ সপ্তাহ মজুরি বন্ধ

সংবাদদাতা ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেওরাছড়া চা বাগানে টানা তিন সপ্তাহ ধরে শ্রমিকদের মজুরি (তলব) বন্ধ থাকায় বিক্ষোভে নেমেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বাগান অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন তারা। এতে বাগানের সব ধরনের কাজ বন্ধ হয়ে গেছে।

জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানে সকাল ১০টার দিকে কয়েক শতাধিক শ্রমিক তাদের পাওনা মজুরির দাবিতে প্রধান ফটকের সামনে অবস্থান নেন। দীর্ঘদিন ধরে মজুরি না পাওয়ায় শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

শ্রমিকদের অভিযোগ, গত তিন সপ্তাহ ধরে বাগান কর্তৃপক্ষ কোনো ধরনের মজুরি পরিশোধ করেনি। বারবার দাবি জানানোর পরও এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এ পরিস্থিতিতে গত ১২ এপ্রিল দেওরাছড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে শ্রম অধিদপ্তরের উপ-পরিচালকের কাছে লিখিত আবেদন করা হয়। তবে ৪–৫ দিন অতিবাহিত হলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে শ্রমিকরা আন্দোলনে নামেন।

পঞ্চায়েত কমিটির সভাপতি সুবুধ কর্মী বলেন, “তিন সপ্তাহ ধরে তলব বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। আমরা কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছি, কিন্তু কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি।”

রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, “বিক্ষুব্ধ শ্রমিকরা বাগান অফিসে তালা দিয়েছে। কিছুদিন আগে এক শ্রমিকের মৃত্যুর ঘটনার পর থেকে ম্যানেজমেন্ট তলব বন্ধ রেখেছে বলে জানা গেছে।”

এ বিষয়ে দেওরাছড়া চা বাগানের ব্যবস্থাপক জহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা বাগানের প্রধান ফটকের সামনে অবস্থান করছেন এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: