![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট মহানগরীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) চলমান অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১০১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল ২০২৬ (রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, জুয়াড়ি ও মেট্রো অধ্যাদেশে গ্রেফতারকৃতসহ মোট ৪২ জনকে আটক করা হয়।
এর মধ্যে নিয়মিত মামলায় ৬ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং মাদক ব্যবসায়ী ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া এয়ারপোর্ট থানা পুলিশ ২ জন সন্দেহভাজনকে আটক করে এবং জালালাবাদ থানা পুলিশের অভিযানে জুয়া আইনে ১ জন গ্রেফতার হয়। মেট্রো অধ্যাদেশে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আরও ২৭ জনকে আটক করা হয়।
অন্যদিকে, একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৩৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৬৭টি যানবাহন আটক করা হয়েছে। মামলাকৃত যানবাহনের মধ্যে রয়েছে ৩টি বাস, ১০টি সিএনজি, ১৪টি মোটরসাইকেল, ৪টি প্রাইভেটকার ও অন্যান্য ৩টি যানবাহন। আটককৃত যানবাহনের মধ্যে রয়েছে ২টি ট্রাক, ২টি প্রাইভেটকার, ২৫টি সিএনজি, ২৩টি মোটরসাইকেল এবং ১৫টি অন্যান্য যানবাহন।
এদিকে, ১৫ এপ্রিল রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টায় পৃথক অভিযানে আরও ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় নিয়মিত মামলার ৩ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন, ৭ জন মাদকসেবী, ১১ জন সন্দেহভাজন ব্যক্তি এবং ১ জন ছিনতাইকারীকে আটক করা হয়। মোগলাবাজার থানা পুলিশ এ সময় ৩০ পিস ইয়াবা উদ্ধার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসএমপি।