![]()


স্টাফ রিপোর্টার ::
হবিগঞ্জের মাধবপুর বাজার এলাকায় র্যাব-৯ এর অভিযানে ৩৩ কেজি গাঁজা জব্দসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অপর এক সহযোগী পালিয়ে যায়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ২টার দিকে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে ৩৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার হাজিপুর গ্রামের মৃত ইনু মিয়ার পুত্র মোঃ রুবেল (২৮)। অভিযানের সময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ইসলামাবাদ গ্রামের মৃত গেদু মিয়ার পুত্র পারভেজ মিয়া (৩৫) নামের অপর এক মাদক কারবারী কৌশলে পালিয়ে যায়।
আটক রুবেল এবং পলাতক পারভেজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত গাঁজাসহ তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।