![]()


কুলউড়া প্রতিনিধি :
পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক (গ্রেড-৪) হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা, খ্যাতিমান ব্রেইন স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ সাঈদ এনাম। গত ৩ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ডা. মোহাম্মদ সাঈদ এনাম কুলাউড়ার প্রবীণ শিক্ষক আলহাজ আব্দুল মুনিমের কনিষ্ঠ পুত্র। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী লাভ করে মানসিক রোগ বিষয়ে উচ্চতর এমফিল ডিগ্রী অর্জন করেন।
২৪তম বিসিএসের কর্মকর্তা ডাঃ সাঈদ এনাম ইতপূর্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে সিলেটের কানাইঘাট ও দক্ষিণ সুরমার উপজেলায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৯সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করেন। চিকিৎসকের পাশাপাশি সাঈদ এনাম একজন গবেষক ও লেখক। তিনি আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের একজন ইন্টারন্যাশনাল ফেলো এবং আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া কানাডাসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে ব্রেইন স্নায়ু ও মনোরোগের উপর গবেষণাপত্র উপস্থাপন করেন।