![]()


মৌলভীবাজার সংবাদদাতা ::
মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া টমটমের ধাক্কায় সোহান আহমদ (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মনসুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহান ওই এলাকার আব্দুল জলিলের ছেলে।
জানা গেছে, রবিবার সন্ধ্যা ৬টার দিকে কুলাউড়া শহর থেকে একটি যাত্রীবাহী টমটম কাদিপুর যাবার পথে মনসুর নামক এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু সোহানকে ধাক্কা দেয়। স্থানীয়রা চালকসহ টমটমটিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, ঘাতক টমটম ও চালক থানা হেফাজতে রয়েছে।