![]()


বড়লেখা প্রতিনিধি ::
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী হাজীগঞ্জ পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পাহাড় আর চা বাগানের সবুজে ঘেরা এবং রেললাইনের পাশে অবস্থিত এই হাটের মনোরম পরিবেশ ও সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে দূর-দূরান্ত থেকে মানুষ এখানে পশু কিনতে আসছেন।
ঈদ উপলক্ষে বড়লেখা পৌরসভার হাজীগঞ্জ হাটসহ জেলার বিভিন্ন পশুর হাটে দেশি গরু, খামারিদের লালন-পালন করা ষাঁড়, ছাগল ও ভেড়ার ব্যাপক সরবরাহ দেখা গেছে। সকাল থেকেই হাটজুড়ে ছিল ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতি।
তবে হাটে প্রাণিসম্পদ বিভাগের দৃশ্যমান কোনো মেডিকেল টিম বা পশু স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম দেখা যায়নি বলে অভিযোগ করেছেন ক্রেতা ও বিক্রেতারা। তাদের দাবি, এখন পর্যন্ত হাটে প্রাণিসম্পদ বিভাগের কোনো প্রতিনিধি বা মেডিকেল টিম আসেনি। এতে রোগাক্রান্ত পশু শনাক্তে শঙ্কা তৈরি হয়েছে।
পুলিশ প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন।
ক্রেতাদের অভিযোগ, প্রয়োজনীয় সব ধরনের সুবিধা ও তদারকি না থাকায় পশুর হাটে কিছুটা অসন্তোষ বিরাজ করছে। বিশেষ করে স্বাস্থ্য পরীক্ষা, সরকারি নজরদারির দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, বড়লেখা পৌরসভায় এই পরশু হাট টি যদিও সপ্তাহে একদিন ( শুক্রবার ) বসে কিন্তু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এখন প্রতিদিনই হাট বসছে, তাছাড়া উপজেলার হাজীগঞ্জ, চান্দগ্রাম, শাহবাজপুর ও আজিমগঞ্জসহ মোট চারটি পশুর হাট রয়েছে। ঈদকে কেন্দ্র করে এসব হাটে এখন জমে উঠেছে কেনাবেচা।