সর্বশেষ আপডেট : ৫ মিনিট ১১ সেকেন্ড আগে
বুধবার, ৭ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মেজর আক্তারুজ্জামানের মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবিতে লন্ডনে সমাবেশ

লন্ডন প্রতিনিধি:

বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মেজর (অব.) আক্তারুজ্জামানের নিঃশর্ত মুক্তি এবং বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের দাবিতে লন্ডনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ ইউকের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকাসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে প্রবাসী ও সাধারণ যাত্রীদের হয়রানি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। টিকিটের সঙ্গে বিমানবন্দর ট্যাক্স নেওয়া হলেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগও দীর্ঘদিনের বলে তাঁরা দাবি করেন।

প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ ইউকের আহ্বায়ক সলিসিটর জহির আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের প্রধান মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম শাহীন, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ফোরামের সাবেক প্রেসিডেন্ট ব্যারিস্টার আতাউর রহমান এবং সাংবাদিক-জননেতা অলিউল্লাহ নোমান।

সাবেক ছাত্রনেতা শাহরিয়ার আলম শিপার ও জুবের আহমদ আহাদের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার ওয়াহিদ মাহবুব, কমিউনিটি ব্যক্তিত্ব এমদাদুর রহমান, মানবাধিকারকর্মী রফিকুল ঈসা, সংগঠক আবদুল্লাহ আল মুনিম, রাইট ফর কনসার্নের প্রেসিডেন্ট শফিকুর রহমান খান, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সভাপতি মুসলিম খান, সহকারী সেক্রেটারি রায়হান আহমদ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট সাইফুর রহমান পারভেজ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফজলুর রহমান। এ সময় নিরাপদ বাংলাদেশ চাই ইউকের উপদেষ্টা কাজী নাজমুল আহমদ, মানবাধিকারকর্মী মাওলানা মামুনুর রশীদ, লুৎফুর রহমান, আবদুল মান্নান ও আবদুল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দাবি করেন, বিমানবন্দরে হয়রানি ও মালামাল চুরির প্রতিবাদ করায় মেজর (অব.) আক্তারুজ্জামানকে পরিকল্পিতভাবে মামলায় জড়িয়ে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়েছে। একজন মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্যের সঙ্গে পুলিশের এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলে তাঁরা মন্তব্য করেন। একই সঙ্গে তাঁর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। অথচ বিদেশ যাওয়া ও দেশে ফেরার সময় তাঁদের নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। সম্প্রতি দীর্ঘ সময় লাগেজের জন্য অপেক্ষা, সংসদ সদস্যদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা না থাকা এবং বুকিং করা জমজমের পানি না পাওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে তাঁরা উল্লেখ করেন।

এসব সমস্যার প্রতিবাদ করায় মেজর (অব.) আক্তারুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সমাবেশে বক্তারা অভিযোগ করেন। একই সঙ্গে বিমানবন্দরে প্রবাসী ও সাধারণ যাত্রীদের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: