![]()


আশরাফ উদ্দিন, দিরাই :
সুনামগঞ্জের দিরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন চন্দ্র দে-র বিরুদ্ধে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার শত শত খামারি।
ভুক্তভোগীদের অভিযোগ, তিনি প্রায়ই অফিসে আসেন না। সরেজমিনে গত মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও রোববার – টানা ৪ দিন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে তার কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে কার্যালয়ের ড্রেসার হরেকৃষ্ণ বিশ্বাস বলেন, শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না। আপনিতো এই এলাকারই বাসিন্দা, সবকিছু দেখেন। উনি কোথায় যান আমি বলতে পারি না, মাঝে মধ্যে বলেন মিটিংয়ে যাচ্ছি।
স্থানীয় রফিক মিয়া, আব্দুল মুহিত ও দিলু মিয়া জানান, হাসপাতালে ডাক্তার নাই, চিকিৎসা নাই। অফিসারকেও পাওয়া যায় না। গরু-ছাগল, হাঁস-মুরগি নিয়ে আমরা বিপদে আছি।
সেবা নিতে আসা কাওসার খান বলেন, গরুর ঔষধ ও পরামর্শের জন্য প্রায়ই আসি, কিন্তু কর্মকর্তার দেখা পাই না।
অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন চন্দ্র দে বলেন, আমি কখন অফিসে থাকি আর না থাকি, সেটা আপনার জানার বিষয় না। আমি দিরাই ও শাল্লা দুই উপজেলার দায়িত্বে আছি, মিটিংয়ের জন্য বাইরে থাকতে হয়।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব সরকার বলেন, অনুপস্থিতির বিষয়টি আমার জানা নেই। ছুটির বিষয় জেলা অফিস বলতে পারবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান মিয়া বলেন, তিনি গতকাল ছুটিতে ছিলেন, এর আগে ছুটি নেননি, বুধবার সুনামগঞ্জে মিটিংয়ে ছিলেন। নিয়মিত অফিসে না যাওয়ার বিষয়টি প্রথম শুনলাম, আমি তার সাথে কথা বলব।