![]()


দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে সচেতন যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা দিরাই বাজার থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে “মাদকমুক্ত দিরাই চাই” ও “যুব সমাজ বাঁচাও” সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলে নেতৃত্ব দেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী এবং দিরাই থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।
পরে থানা পয়েন্টে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন ইউএনও সনজীব সরকার ও ওসি আমিনুল ইসলাম। এ সময় দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, দিরাই উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিপন হাসান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অনিক মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
ইউএনও সনজীব সরকার বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।
ওসি আমিনুল ইসলাম বলেন, “আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করুন। দিরাইকে আমরা মাদকমুক্ত করবই, ইনশাআল্লাহ।”