সর্বশেষ আপডেট : ১ মিনিট ৪৬ সেকেন্ড আগে
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় এস.আর ব্রিকসের পরিবেশগত ছাড়পত্র বাতিল

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মিরারপাতন গ্রামের জনবসতিপূর্ণ এলাকা ও বিভিন্ন প্রতিষ্ঠানের পাশে দীর্ঘদিন ধরে পরিচালিত মেসার্স এস.আর ব্রিকস (মেসার্স সুরমা ব্রিকস)-এর পরিবেশগত ছাড়পত্র বাতিল করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ইটভাটাটির ইট পোড়ানোর লাইসেন্স বাতিল করে কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে সুপারিশ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে শতাধিক এলাকাবাসীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করে সিলেট বিভাগীয় কার্যালয়। তদন্তে পরিবেশ আইন লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়মের বিষয়টি উঠে আসায় ইটভাটাটির পরিবেশগত ছাড়পত্র বাতিল এবং লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়।

এর আগে গত ১৫ মার্চ বড়লেখা সদর ইউনিয়নের রাঙ্গাউটি এলাকার বাসিন্দা সুলতান আহমদসহ শতাধিক ভুক্তভোগী এলাকাবাসী পরিবেশ অধিদপ্তর, সিলেট এবং মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। আবেদনে মিরারপাতন গ্রামের এস.আর ব্রিকসের মাটি কাটার ও ইটভাটার লাইসেন্স বাতিল করে ভাটাটি বন্ধের দাবি জানানো হয়।

অভিযোগে বলা হয়, প্রায় ১০ বছর আগে মিরারপাতন গ্রামে ইটভাটাটি স্থাপন করা হয়। পরে নাম পরিবর্তন করে এস.আর ব্রিকস নামে পরিচালনা করা হচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই পরিবেশ ও সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে বিভিন্ন অনিয়ম চালিয়ে আসছে ভাটাটি। কয়লার পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে গাছ কেটে ইটভাটায় পোড়ানোর অভিযোগও করেন এলাকাবাসী। এতে কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ তাদের।

এ ছাড়া রাতের আঁধারে মাটি কাটা, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) তুলে ইট তৈরিতে ব্যবহার করায় কৃষিজমির উর্বরতা কমছে এবং ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, লোকালয়, বিদ্যালয় ও ধর্মীয় স্থাপনার কাছাকাছি ইটভাটা স্থাপন নিষিদ্ধ হলেও জনবসতিপূর্ণ এলাকায় ভাটাটি পরিচালিত হচ্ছে। ভাটার ১০০ ফুটের মধ্যে বসতবাড়ি এবং প্রায় ২০০ মিটারের মধ্যে একটি সরকারি ও একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চারটি মসজিদ রয়েছে বলে তারা জানান।

অভিযোগে আরও বলা হয়, ষাটমা ছড়া খালের আইলাপুর অংশে মাটি কেটে খাল ভরাট এবং খালের ওপর রাস্তা নির্মাণ করে ইটভাটায় মাটি পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বর্ষায় পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন ব্যাহত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি এবং কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাঈদুল ইসলাম বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম ও পরিবেশ আইন লঙ্ঘনের সত্যতা পাওয়া গেছে। এ কারণে বড়লেখার মেসার্স এস.আর ব্রিকসের পরিবেশগত ছাড়পত্র বাতিল করা হয়েছে। পাশাপাশি ইটভাটাটির কার্যক্রম বন্ধে মালিকপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: