![]()


বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবাসহ বলাই নমশূদ্র (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়। আটক বলাই নমশূদ্র ভারতের করিমগঞ্জ জেলার লাতু থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ভারতীয় একটি চোরাকারবারি চক্র কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অস্ত্র ও মাদক সরবরাহের চেষ্টা করছে। পরে বিশেষ টহলদল সেখানে অভিযান চালালে চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড .২২ বোরের গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, আটক ব্যক্তি সীমান্তের একটি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। অস্ত্র ও মাদক বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল। পলাতকদের শনাক্ত ও আটকে অভিযান চলছে।
এ ঘটনায় বড়লেখা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। শুক্রবার দুপুরে আটক ভারতীয় নাগরিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।