![]()


সুনামগঞ্জ প্রতিনিধি:
অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধে দেশ থেকেই কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, বিদেশে গিয়ে একজন অভিবাসীর সুরক্ষা নিশ্চিত করতে হলে এর শুরুটা দেশ থেকেই করতে হবে। এ জন্য প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও অভিভাবকদের সমন্বিতভাবে সচেতন হতে হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সিলেট অঞ্চল প্রবাসী অধ্যুষিত হওয়ায় এখানকার মানুষকে বৈধ ও নিরাপদ পথে বিদেশে পাঠাতে হবে। দালালচক্রের প্রতারণা থেকে জনগণকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপের পাশাপাশি নিরাপদ অভিবাসন সম্পর্কে সাধারণ মানুষকে সঠিক তথ্য দিতে হবে।
তিনি আরও বলেন, অভিবাসীবান্ধব নীতি প্রণয়নের পাশাপাশি মাঠপর্যায়ে সহজলভ্য সেবা নিশ্চিত করা জরুরি। বিদেশ যাওয়ার আগে একজন অভিবাসী যেন প্রয়োজনীয় তথ্য ও সেবা পান, সে বিষয়েও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সভায় সংসদ সদস্যরা বলেন, অবৈধভাবে বিদেশ যাত্রা বন্ধ করতে দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে কৃষি ও ফসল উৎপাদনে বিশেষ গুরুত্ব দেওয়ারও দাবি জানান তারা।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিভিন্ন আসনের সংসদ সদস্য, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।