![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট নগরীর জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রায় ৪ হাজার কোটি টাকার একটি প্রকল্প চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, শীত মৌসুম থেকেই জলাবদ্ধতা নিরসনের প্রকল্পটির কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। নগরীর অনেক প্রাকৃতিক খাল অবরুদ্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা সমাধানের মাধ্যমে নগরীর জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে।
তিনি আরও জানান, সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় ৫ হাজার ৩০০ কোটি টাকার একটি প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে বিভাগের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন হবে।
সিউকের কার্যক্রম প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শুরুতে অনেকে সংস্থাটির কার্যক্রম নিয়ে কিছুটা দূরত্ব বজায় রাখলেও কাজ শুরু হলে এর সুফল সবাই দেখতে পাবেন। ভবন নির্মাণের নকশা অনুমোদনের ক্ষেত্রে স্বচ্ছতা আরও বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।
পুরোনো কারাগারের জায়গায় বড় পার্ক
সিলেট নগরীর পুরোনো কারাগারের জায়গায় একটি বড় পার্ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এটি বাস্তবায়িত হলে নগরীর পরিবেশ ও বায়ুর মান উন্নত হওয়ার পাশাপাশি নগরবাসীর জন্য হাঁটা ও বিনোদনের উন্মুক্ত স্থান তৈরি হবে। একই সঙ্গে পার্কটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হতে পারে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর, সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক ও এমরান আহমদ চৌধুরীসহ প্রশাসন, পুলিশ ও স্থানীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।