সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের প্রাতিষ্ঠানিক ঋণের আওতায় আনতে ৪০ জন কৃষকের মধ্যে মোট ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং বড়লেখা উপজেলার তফসিলি ব্যাংকগুলোর আয়োজনে উপজেলা ভিত্তিক কৃষিঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক সিলেটের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের আরও বেশি প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া প্রয়োজন। কৃষকেরাই দেশের খাদ্য উৎপাদনের মূল দায়িত্ব পালন করছেন, আর ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক তাঁদের আর্থিক সহায়তা দেওয়ার কাজ করছে।

তিনি বলেন, দেশে প্রতিবছর প্রায় ৪ কোটি মেট্রিক টন খাদ্যের প্রয়োজন হয়। এর মধ্যে প্রায় ৩ কোটি ৮০ লাখ মেট্রিক টন দেশে উৎপাদিত হয়। ঘাটতি পূরণে চাল, গমসহ বিভিন্ন খাদ্যপণ্য আমদানি করতে হয়। তাই দেশের উৎপাদন বাড়াতে কৃষকদের সহজ শর্তে ঋণ সুবিধার আওতায় আনা জরুরি।

সুধাংশু রঞ্জন দেব জানান, ধান, চাল, ডালসহ বিভিন্ন শস্য উৎপাদনের পাশাপাশি মৎস্য, গবাদিপশু ও প্রাণিসম্পদ খাতেও কৃষিঋণ দেওয়া হচ্ছে। কৃষি যন্ত্রপাতি কেনাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারি ভর্তুকি ও প্রণোদনার ব্যবস্থাও রয়েছে।

কৃষকদের উদ্দেশে তিনি বলেন, প্রয়োজনের মুহূর্তে হঠাৎ ব্যাংকে গিয়ে ঋণের আবেদন না করে অন্তত পাঁচ-ছয় মাস আগে থেকেই কৃষি প্রকল্পের পরিকল্পনা করতে হবে। পরিকল্পনাটি ব্যাংকের সঙ্গে আগেই শেয়ার করলে ঋণ পাওয়া সহজ হবে। একই সঙ্গে উপজেলা কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য কর্মকর্তাদের পরামর্শ নিয়ে জমি ও পুকুরের উপযোগিতা অনুযায়ী প্রকল্প গ্রহণের পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, হাঁস-মুরগি, ছাগল ও গবাদিপশু পালন কিংবা পুকুরে মাছ চাষের মতো উদ্যোগের মাধ্যমে কৃষকেরা নিজেরাই উদ্যোক্তা হতে পারেন। তবে আয় বৃদ্ধির পাশাপাশি নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব। স্বাগত বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক মো. শহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকটির কমপ্লায়েন্স ম্যানেজার নাদিরা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজার মো. কয়েছ সামী, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সবুর, সিনিয়র মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক রেজাউল ইসলাম মিন্টু ও বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব।

কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেন সুমন এগ্রো ফার্মের স্বত্বাধিকারী সুমন দেবনাথ, প্রান্তিক কৃষক মঈন উদ্দিন, রাজা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী বদরুল হক এবং বড়লেখা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী শাহজাহান সৌরভ।

আলোচনা সভা শেষে ৪০ জন কৃষকের হাতে মোট ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: