সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘এই বাংলাদেশ সবার’ — প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টার :

ধর্মীয় ভাবগাম্ভীর্য, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে সিলেটে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নগরের যুগলটিলা ইসকন মন্দির প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে নয় দিনব্যাপী এই ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরে বিকেলে বর্ণাঢ্য রথযাত্রার শোভাযাত্রা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “এই বাংলাদেশ সবার। সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ঐতিহ্যই আমাদের শক্তি। সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও অটুট থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। প্রধান বক্তা ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেটে দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। রথযাত্রা উপলক্ষে শুরু থেকেই সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় আয়োজনে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠান শেষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার অনিরুদ্ধ দাস বর্ণাঢ্য রথযাত্রার শোভাযাত্রার উদ্বোধন করেন। হরিধ্বনি, শঙ্খধ্বনি ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে সুসজ্জিত রথটি ইসকন মন্দির থেকে বের হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নারী-পুরুষ, শিশু, ভক্ত-অনুরাগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো নগরী উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস, ক্রাইসিস ম্যানেজমেন্টের চেয়ারম্যান ঋষিকেশ গৌরাঙ্গ দাস, দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইসকন বাংলাদেশের সিলেট বিভাগীয় কমিটির বিবাহ ব্যবস্থাপনা বিভাগের সদস্য বলদেব কৃপা দাস অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরেন জামান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হক, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দে, সিলেট মহানগর পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অর্জুন ঘোষ, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এ. এস. মিজানুর রহমান, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতাক সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক ইশতিহার আহমদ সিদ্দিকীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী।

রথযাত্রা উপলক্ষে দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, কল্যাণ ও সম্প্রীতি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে হাজারো ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, রথযাত্রা মহোৎসব উপলক্ষে আগামী নয় দিনব্যাপী হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা, যুব সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আগামী শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় মহোৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ওইদিন ইসকন ইয়ুথ সেমিনার, আলোচনা সভা, হরিনাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: