![]()


স্টাফ রিপোর্টার :
সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১২৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, শনিবার (৫ জুলাই) রাত ১২টা থেকে সোমবার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদকসেবী, হকার, সন্দেহভাজন ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে এক হাজার ১০০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
এদিকে একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে ৬৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৬৪টি যানবাহন আটক করে। সব মিলিয়ে ১২৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।