সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার ::

সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ উদযাপিত হবে। প্রথমবারের মতো আবাসন ও নগরায়ণসংশ্লিষ্ট সব অংশীজনকে একই প্ল্যাটফর্মে নিয়ে বৃহৎ পরিসরে দিবসটি উদযাপনের উদ্যোগ নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।

শনিবার (৩ অক্টোবর) সিউক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই দিনব্যাপী কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি জানান, জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৬ সাল থেকে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বব্যাপী বিশ্ব বসতি দিবস পালিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় আগামী ৫ অক্টোবর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী দিবসটি উদযাপন করা হবে। সিলেটে এর আগে গণপূর্ত বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হলেও এবারই প্রথম সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সমন্বয়ে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

এবারের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে রিকাবীবাজার স্টেডিয়াম-সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়ামে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের।

কর্মসূচির প্রথম দিন ৫ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে আয়োজন শুরু হবে। সকাল ১১টায় প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা এবং দুপুর ১টায় ইলেকট্রনিক নির্মাণ অনুমোদন ব্যবস্থার উদ্বোধন করা হবে। এ ছাড়া সকাল সাড়ে ১১টা থেকে দিনব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আবাসন ও নগরায়ণবিষয়ক ভাবনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল, নগরায়ণ ও আবাসনবিষয়ক মডেল এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন থাকবে।

দ্বিতীয় দিন ৬ অক্টোবর সকাল ১০টায় পরিবেশ সুরক্ষায় আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় টেকসই নগরায়ণ ও আবাসনবিষয়ক বিশেষ সেমিনার হবে। বেলা সাড়ে ১২টায় ভাবনা ও আলোকচিত্র প্রতিযোগিতার চূড়ান্ত মূল্যায়ন এবং বিকেল সাড়ে ৪টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটবে।

সংবাদ সম্মেলনে সিউক চেয়ারম্যান বলেন, সিলেটকে আধুনিক, পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে। বিশ্ব বসতি দিবসকে কেন্দ্র করে এবারই প্রথম আবাসনসংশ্লিষ্ট সব অংশীজনকে একই প্ল্যাটফর্মে আনা হয়েছে।

তিনি জানান, দিবসটি উদযাপনে সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও লিডিং ইউনিভার্সিটির পুরকৌশল ও স্থাপত্য বিভাগ, ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম যুক্ত রয়েছে। এ ছাড়া বার্জার, বিএসআরএম, খাদিম সিরামিক্স ও লাফার্জসহ আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে।

তরুণ প্রজন্মকে পরিকল্পিত নগরায়ণে উৎসাহিত করতে চিত্রাঙ্কন, আবাসনবিষয়ক ভাবনা প্রতিযোগিতা, মডেল ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে নগরায়ণসংশ্লিষ্ট ৩০টিরও বেশি ভাবনা জমা পড়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

নাগরিক সেবা সহজীকরণের অংশ হিসেবে উদ্বোধন করা হবে ইলেকট্রনিক নির্মাণ অনুমোদন ব্যবস্থা। এর মাধ্যমে ঘরে বসেই নির্মাণ অনুমোদনের আবেদন জমা দেওয়া এবং আবেদনের অগ্রগতি অনুসরণের সুযোগ থাকবে। এ ব্যবস্থার সঙ্গে প্রবাসীদের জন্য ‘প্রবাসী এক্সপ্রেস সেবা’ যুক্ত থাকবে। এর মাধ্যমে এক মাসের মধ্যে প্রবাসীদের নকশা অনুমোদনসহ অন্যান্য সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সিউক চেয়ারম্যান বলেন, সিলেটের পরিকল্পিত বিকাশে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় সংস্থাটি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: