![]()


স্টাফ রিপোর্টার ::
শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।
সভায় পুলিশ কমিশনার পূজা উদযাপনে বিদ্যমান সমস্যা, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় পুলিশি সহযোগিতার বিষয়ে উপস্থিত সবার মতামত আহ্বান করেন। এ সময় পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আইনশৃঙ্খলা, নিরাপত্তা, যানজট ও পার্কিং ব্যবস্থাপনা নিয়ে মতামত ও পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। গুরুত্বপূর্ণ ও অধিক জনসমাগমপূর্ণ এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে।
সভায় প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, সিসিটিভি ক্যামেরা সচল রাখা, নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া যাচাই ছাড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করা এবং কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা ঘটনা চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।
সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।