সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কানাডার ফেডারেল উপনির্বাচনে এমপি ডলি বেগম, ইতিহাসে নতুন অধ্যায়

প্রবাস ডেস্ক ::

কানাডার ফেডারেল উপনির্বাচনে টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম এমপি নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। মৌলভীবাজার জেলার কৃতি সন্তান হিসেবে তার এই বিজয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

ডলি বেগমের এই সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ। সংগঠনের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান, অর্থ সচিব কাউন্সিলর আসরাফ মিয়া, সাউথইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন, যুগ্ম কনভেনর সিপার করিম ও সদস্য সচিব তাজুল ইসলামসহ অন্যান্য নেতারা পৃথক বার্তায় তাকে অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় মোহাম্মদ মকিস মনসুর বলেন, মৌলভীবাজারের বাজরাকোনা গ্রামের কৃতি সন্তান ডলি বেগম কানাডার রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি বলেন, “প্রবাসে থেকেও নেতৃত্ব, সততা ও যোগ্যতার মাধ্যমে জাতীয় পর্যায়ে জায়গা করে নেওয়া সম্ভব—ডলি বেগম তার উজ্জ্বল উদাহরণ।”

তিনি আরও বলেন, ডলি বেগমের এই অর্জন শুধু সিলেট বা মৌলভীবাজারের জন্য নয়, বরং সমগ্র বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয়। এটি নতুন প্রজন্মকে রাজনীতি ও নীতি-নির্ধারণী পর্যায়ে এগিয়ে আসার অনুপ্রেরণা জোগাবে।

এদিকে নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “স্কারবোরো সাউথওয়েস্টের নতুন এমপি হিসেবে নির্বাচিত হওয়ায় ডলি বেগমকে অভিনন্দন। তিনি তার কমিউনিটির জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে কার্যকর ভূমিকা রাখবেন।”

মৌলভীবাজার সদর উপজেলার বাজরাকোনা গ্রামের বাসিন্দা ডলি বেগম শৈশবে স্থানীয় মনুমুখ বাজরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। পরে মনুমুখ পিটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ১৯৯৯ সালে পরিবারসহ কানাডায় পাড়ি জমান।

কানাডায় তিনি নিজেকে একজন সমাজসেবক হিসেবে গড়ে তোলেন। অভিবাসী অধিকার, সামাজিক ন্যায়বিচার ও গবেষণা কার্যক্রমে যুক্ত থেকে কমিউনিটিতে নিজের অবস্থান সুদৃঢ় করেন।

তিনি University of Toronto থেকে স্নাতক এবং University College London থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে City of Toronto-এ রিসার্চ অ্যানালিস্ট হিসেবে কর্মজীবন শুরু করেন।

রাজনীতিতে প্রবেশের পর তিনি নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) থেকে ২০১৮ সালে অন্টারিও প্রাদেশিক নির্বাচনে স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত প্রাদেশিক এমপি হিসেবে ইতিহাস গড়েন। পরপর তিনবার নির্বাচিত হয়ে তিনি তার জনপ্রিয়তার প্রমাণ রাখেন।

পরবর্তীতে তিনি লিবারেল পার্টি অব কানাডায় যোগ দিয়ে ফেডারেল নির্বাচনে অংশ নেন এবং উপনির্বাচনে জয়লাভ করে কানাডার জাতীয় সংসদে জায়গা করে নেন।

ব্যক্তিগত জীবনে কঠিন সময়ও পার করতে হয়েছে তাকে। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি তার স্বামী, টরন্টোভিত্তিক আইনজীবী ব্যারিস্টার রিজওয়ান রহমানকে হারান। তবে সেই শোক কাটিয়ে তিনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যান।

ডলি বেগমের এই বিজয় তাকে প্রবাসী বাংলাদেশিদের একটি শক্তিশালী কণ্ঠস্বর এবং মুসলিম নারী নেতৃত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: