সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট, পাকিস্তানকে রাজি করানোর মিশনে আইসিসি

ডেইলি সিলেট ডেস্ক ::

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে দেশটির সরকারের সিদ্ধান্তের ওপরই অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত সরকারের কাছ থেকে সবুজ সংকেত পায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে টুর্নামেন্টে খেলতে রাজি হলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নেয় তারা।

এই সিদ্ধান্তেই বড় বিপাকে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি বাঁচাতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পিসিবিকে রাজি করাতে আসরে নামানো হয়েছে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে।

‘রেভস্পোর্টস’-এর প্রতিবেদন অনুযায়ী, সংকট নিরসনে আইসিসি চেয়ারম্যান জয় শাহর সহকারী ও সিঙ্গাপুর ক্রিকেট সংস্থার প্রতিনিধি ইমরান খাজাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার মূল কাজ হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা করে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে রাজি করানো। পিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে আইসিসিকে বয়কটের চিঠি না দিলেও, আইসিসি আগেভাগেই বরফ গলানোর চেষ্টা করছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ালে শুধু পিসিবি নয়, বড় ধরনের আইনি ও আর্থিক জটিলতায় পড়বে আইসিসিও। সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে আইসিসির ৪ বছরের চুক্তিতে ভারত-পাকিস্তান ম্যাচের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত এই ‘হাইভোল্টেজ’ লড়াইয়ের কারণেই সম্প্রচারস্বত্বের অঙ্ক আকাশচুম্বী হয়েছিল।

এখন পাকিস্তান যদি সত্যিই ম্যাচটি বয়কট করে, তবে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে সম্প্রচারকারীরা। সেক্ষেত্রে চুক্তিভঙ্গের অভিযোগে তারা আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করাতে পারে। তাই টুর্নামেন্টের জৌলুস ও নিজেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই পিসিবিকে মানাতে মরিয়া হয়ে উঠেছে আইসিসি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: