![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেটের শাহপরাণ (রহঃ) থানার আরামবাগ এলাকায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী সফি আহমদ চৌধুরী সুমন (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত তুলে ধরেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল।
পুলিশ জানায়, গত ১৪ জুলাই ২০২৫ খ্রিঃ আনুমানিক রাত ১০টার দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী নিশাত ফাতেমা চৌধুরী (৩২)–কে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন স্বামী সুমন। ঘটনার দুই দিন পর, ১৬ জুলাই ভোররাতে নিশাত “আত্মহত্যা করেছে” বলে অভিযুক্ত স্বামী তার স্ত্রীর ফুফাতো ভাইকে ফোন করে জানান।
খবর পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে নিশাতের মরদেহ দেখতে পান এবং তার কপাল, গলা, দুই হাতের তালু ও বাহুতে আঘাত ও কালচে জখমের চিহ্ন দেখতে পান। এসময় আত্মহত্যার নাটক সাজিয়ে মৃতের পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার খবর পেয়ে শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত স্বামী সফি আহমদ চৌধুরী সুমনকে গ্রেফতার করে। তার স্থায়ী ঠিকানা হচ্ছে পরচক, জকিগঞ্জ, সিলেট এবং বর্তমান ঠিকানা ৭/২ রশিদ মঞ্জিল, আরামবাগ, রোড-০১, শাহপরাণ থানা, সিলেট।
এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মামলা (নং-০৪, তারিখ: ১৬/০৭/২০২৫, ধারা: ৩০২ পেনাল কোড ১৮৬০) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।