সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ২৫ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছি : এমপি এমরান

গোলাপগঞ্জ প্রতিনিধি :

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার এবং তিনি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে কাজ করছেন। পর্যায়ক্রমে দুই উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হবে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, “সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার অত্যন্ত আন্তরিক। এবারের বাজেটে শিক্ষার পর সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতে। নির্বাচনের আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করব। সবার সহযোগিতায় ধাপে ধাপে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলম বলেন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিগগিরই একটি ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন করা হবে।

সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা সমাধানে স্বাস্থ্য বিভাগ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ও ছালিক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর হেলালুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপি নেতা মিনহাজ চৌধুরী, ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম এবং সাবেক কাউন্সিলর জামিল আহমদ।

সভায় বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. হিমেল পাল। সভায় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিন বিকেলে এমপি এমরান আহমদ চৌধুরী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (লেভেল-২, সেমিস্টার-১) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এদিকে, এমপি এমরান আহমদ চৌধুরীর পরামর্শে গোলাপগঞ্জের আদলে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন নিয়েও শিগগিরই একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: