![]()


বিয়ানীবাজার প্রতিনিধি :
সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা গ্রামের ঐতিহ্যবাহী শ্রীশ্রী বাসুদেব মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বাসুদেব রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে এ উৎসব পালিত হয়।
বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শ্রীশ্রী বাসুদেব মন্দিরের রথযাত্রা ও উল্টো রথযাত্রা বিয়ানীবাজারের অন্যতম প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহাবস্থানের এই উৎসব যুগ যুগ ধরে সব সম্প্রদায়ের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। এ ঐতিহ্য রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, শিশু-বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সহ-সভাপতি হারুনুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং সাবেক পৌর কাউন্সিলর মিসবাহ উদ্দিন।
পূজারি বিপ্লব দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পূজারি অমিতাভ পাল চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন বাসুদেব রথযাত্রা উদযাপন কমিটির সদস্য সচিব বিপ্লব ধর।
উৎসবে বিপুলসংখ্যক ভক্ত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি ভক্তদের অংশগ্রহণে উল্টো রথযাত্রা উৎসব সম্প্রীতি ও সৌহার্দ্যের এক মিলনমেলায় পরিণত হয়।