![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট মহানগরে ট্রাফিক পুলিশের অভিযানে প্রায় ১৫ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় শাড়ি পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা জানায়, গত ২০ জুলাই রাত ৮টা ৪০ মিনিটের দিকে কোতোয়ালী মডেল থানাধীন নাইওরপুল এলাকায় ট্রাফিক সার্জেন্ট মনিসংকর সরকার সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালনকালে একটি পিকআপ গাড়িকে থামার সংকেত দেন। পরে গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
এ সময় মো. আলাল উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি জৈন্তাপুর উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
খবর পেয়ে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শিপলু চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে সাক্ষীদের উপস্থিতিতে পিকআপটি তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৬৭ পিস ভারতীয় শাড়ি, যার আনুমানিক মূল্য ১৫ লাখ ৮২ হাজার টাকা, জব্দ করেন। একই সঙ্গে শাড়ি পরিবহনে ব্যবহৃত সিলেট মেট্রো-ন-১১-২৫৩৫ নম্বরের পিকআপটিও জব্দ করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।