![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা, ইয়াবা, চোলাই মদ ও নগদ অর্থসহ ২৫ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টায় কোতোয়ালি মডেল থানাধীন কাষ্টঘর সুইপার কলোনিতে এই অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অপারেশন) মো. মাসুদ রানা, পিপিএম-সেবার নেতৃত্বে অভিযানে এসএমপির বিভিন্ন স্তরের পুলিশ অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।
অভিযানে হেফাজতে রাখা ও বিক্রয়ের উদ্দেশ্যে মজুদকৃত বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ মোট ২৫ জনকে আটক করা হয়। অভিযানে উদ্ধার করা হয় ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৯০ পুড়িয়া গাঁজা, ১৫৮ লিটার দেশীয় চোলাই মদ এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৫৭,০৫০ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া সেলের প্রধান ও এডিসি (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসএমপি জানায়, সিলেট নগরকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
