![]()


মৌলভীবাজার সংবাদদাতা ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক প্রদীপ বৈদ্যের মরদেহ ভারত থেকে হস্তান্তর করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ মরদেহটি কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় নিহতের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
লাশ হস্তান্তর কার্যক্রমে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির আমতলী বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আবুল কালাম এবং কুলাউড়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য।
প্রসঙ্গত, গত শনিবার রাত ৮টার দিকে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তসংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার ইরানী থানার দেবীপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্তের ১৮৫২ নম্বর পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালায়। এতে ঘটনাস্থলেই প্রদীপ বৈদ্য নিহত হন। পরে বিএসএফ মরদেহ নিয়ে যায় এবং ভারতের কৈলাশহরের হাসপাতালে রাখে। নিহত প্রদীপ বৈদ্য শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের শৈলেন্দ্র বৈদ্যের পুত্র।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, “ভারতের পুলিশ চাতলাপুর সীমান্ত চেকপোস্ট দিয়ে প্রদীপ বৈদ্যের মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
বিজিবি ৪৬ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাকারিয়া জানান, এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগ করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। খুব শিগগিরই ব্যাটালিয়ন পর্যায়ে একটি ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।