![]()


বড়লেখা প্রতিনিধি ::
“দেশের প্রতিটি পরিবারের কেউ না কেউ শিক্ষা প্রতিষ্ঠান কিংবা হাসপাতালে যান। কিন্তু থানায়, আদালতে বা ইউএনও অফিসে অনেকেই কোনো দিনও যাননি। তাই যে দুই খাতে সাধারণ মানুষের সরাসরি সম্পৃক্ততা সবচেয়ে বেশি—শিক্ষা ও স্বাস্থ্য—এই খাতগুলোতেই সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত।” এমন মন্তব্য করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সেবাগ্রহীতা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “শিক্ষক ও চিকিৎসকদের আরও দায়িত্বশীল হতে হবে। কারণ এই দুটি পেশার সেবা মানুষ সরাসরি গ্রহণ করে। দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে নিজেদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। সরকারি উন্নয়ন কাজের মান নিয়ে যেন কেউ অভিযোগ না করতে পারে, সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আসলাম সারোয়ার।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, ময়নুল হক, বদরুল ইসলাম, স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, প্রকৌশলী প্রীতম সিকদার জয়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, সমাজসেবা অফিসার প্রানেশ চন্দ্র বর্মা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, জামায়াতে ইসলামীর আমির এমাদুল ইসলাম, বিএনপি নেতা মুজিবুর রহমান খছরু, ওসি (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান, অধ্যাপক আব্দুস সহিদ খান, প্রেসক্লাব সম্পাদক আব্দুর রব, ইউপি সদস্য আলিম উদ্দিনসহ অনেকে।
সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় বিভিন্ন জনদুর্ভোগের কথা তুলে ধরে তা নিরসনের দাবি জানান। জেলা প্রশাসক আশ্বাস দেন, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।