![]()


খলিলুর রহমান, বড়লেখা ::
মৌলভীবাজারের বড়লেখায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর উপজেলা শাখার নতুন কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের একাংশ। প্রকৃত ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের বাদ দিয়ে বিতর্কিতদের নিয়ে কমিটি গঠনের অভিযোগ এনে তারা কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বড়লেখা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
গত ১২ ফেব্রুয়ারি ফরহাদ আহমদকে সভাপতি ও আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কোয়াবের মৌলভীবাজার জেলা শাখা। এ নিয়ে ক্রীড়াঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্রীড়া সংগঠক সাইফুল আলম রাসেল। এসময় উপস্থিত ছিলেন মেরিটোরিয়াস ক্রিকেট অ্যাকাডেমির জাহেদ আহমদ, পাখিয়ালা স্পোর্টিং ক্লাবের নাহিদ বখত, গাজিটেকা ক্রিকেট ক্লাবের জামিল আহমদ, প্রমিজ ক্রিকেট ক্লাবের ফয়েজ আহমদ, রতুলী রেনবো ওয়ারিয়ার্সের মাসুদ আহমদ, উত্তর বড়লেখা ক্রিকেট ক্লাবের জিবু, ফ্রেন্ডস ক্লাবের সুমন আহমদ, ডিএসটি স্পোর্টিং ক্লাবের শাহজালাল আহমদসহ অনেকে।
সাইফুল আলম রাসেল বলেন, ক্রীড়াঙ্গনের কারো সাথে পরামর্শ ছাড়াই কমিটি গঠন করা হয়েছে, যা ক্রীড়াঙ্গনকে ধ্বংসের মুখে ফেলবে। তিনি যোগ্য সংগঠক ও ক্রিকেটারদের নিয়ে কমিটি পুনর্গঠনের জোর দাবি জানান।
এ বিষয়ে জেলা কোয়াব সভাপতি হাসান আহমদ জাবেদ জানান, প্রকৃত সংগঠক ও ক্রিকেটারদের কমিটিতে রাখার চেষ্টা করা হয়েছে। পুনর্গঠন বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।