![]()


কমলগঞ্জ সংবাদদাতা ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান থেকে এক শিশুর গলা ও হাত কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ক্যামেলিয়া হাসপাতালের পাশের চা বাগানের ১১ নম্বর সেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম পূর্ণিমা রেলী (১০)। তিনি শমশেরনগর চা বাগানের ৬ নম্বর টিলার চা শ্রমিক আপারাও রেলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে গরু খুঁজতে বের হয়ে নিখোঁজ হয় পূর্ণিমা। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। তবে তাকে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে চা শ্রমিকরা কাজ করতে গিয়ে শিশুটির লাশ পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া জানান, শিশুটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং একটি হাত বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।