![]()


বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজার জেলার বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা আজ ০৯ অক্টোবর দুপুর ১২টায় এসিল্যান্ড ও পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ারের কাছে পৌর ট্রেড লাইসেন্সের সাথে নতুন করে সাইনবোর্ড টেক্স আদায় না করতে স্মারকলিপি প্রদান করেছেন।
পাঁচ শতাধিক ব্যবসায়ী স্বাক্ষরিত স্মারকলিপিতে ব্যবসায়ীরা দাবি করে বলেন, বড়লেখা পৌরসভা বি গ্রেডের হয়েও সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন করে ট্রেড লাইসেন্সের সাথে সাইনবোর্ড টেক্স আদায় করার চেষ্টা করা হচ্ছে। এতে ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজমান। সরকারের নিয়ম নীতি মেনে তাঁরা যাবতীয় টেক্স প্রদান করে যাচ্ছেন। মুফসসল এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান কোটা সিকিউরিটি, ভাড়া, কর্মচারীদের বেতন, চৌকিদারী ইত্যাদি দিয়ে যতসামান্য ব্যবসা করে কোনমতে পরিবার পরিজনদের নিয়ে জীবন সংগ্রাম করে যাচ্ছেন।
বিশ্বব্যাপী করোনা মহামারি, বন্যার করালগ্রাসের পর সম্প্রতি দেশে রাজনৈতিক অস্থিরতায় ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এমতাবস্থায় নতুন করে বড়লেখার ব্যবসায়ীদের সাইনবোর্ড টেক্সের বোঝা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো ন্যায়সংগত নয় বলে তাঁরা উল্লেখ করেন। পার্শবর্তী আরও উন্নত বিয়ানীবাজার পৌরসভা সহ বিভিন্ন পৌর শহরের ব্যবসায়ীদের কাছ থেকে এমন টেক্স আদায় করাও হচ্ছে না।
পাঁচ শতাধিক ব্যবসায়ী স্বাক্ষরিত স্মারকলিপিটি পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ারের হাতে তুলে দিয়ে প্রতিনিধিবৃন্দ অবিলম্বে তা বাতিলের দাবি জানান। পরবর্তীতে অনুলিপিটি সেনা ক্যাম্প বড়লেখা, উপজেলা নির্বাহী অফিসার ও বড়লেখা প্রেসক্লাবকে প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন প্রতিনিধিরা।