![]()


স্টাফ রিপোর্টার :
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আগামীকাল। সমাবেশকে সামনে রেখে সমাবেশস্থল সহ আশপাশ এলাকায় চলছে সাজ সাজ রব। বিএনপির নেতারা আশা করছেন, গণসমাবেশে চার লাখ লোকের সমাগম ঘটবে। এর আগেই সমাবেশস্থলে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন দলীয় নেতা-কর্মীরা। সেখানে বিএনপির লোগো ও ধানের শীষের প্রতীকসংবলিত ব্যাজ, কোট পিন ও মাথায় বাঁধার ফিতা বিক্রি করতে বিভিন্ন এলাকা থেকে এসেছেন বেশ কিছু তরুণ।
বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট বিএনপির বিভাগীয় গণসমাবেশের জন্য নির্ধারিত সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে এসেছেন মামুন খান। সমাবেশস্থলের মূল প্রবেশপথের কাছে বিএনপির ব্যাজের পসরা সাজিয়ে বিক্রি করছেন তিনি।
শরীয়তপুরের নড়িয়া থেকে কোট পিন, ব্যাজ ও ফিতা নিয়ে এসেছেন মামুন খান (২৭)। এর আগে তিনি ফরিদপুর, খুলনা, বরিশালসহ বিএনপির অন্যান্য গণসমাবেশস্থলে গিয়ে পণ্যগুলো বিক্রি করেছেন। এসব পণ্য ঢাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন তিনি। বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে কথা হয় তার সঙ্গে।
মামুন খান বলেন, ফরিদপুরে ৩০ হাজার টাকার মতো বেচা-বিক্রি হয়েছে। সিলেটেও ভালো বিক্রি করতে পারবেন বলে তার আশা। কোট পিনগুলো ২০ থেকে ৩০ টাকায় বিক্রি করছেন। মাথায় বাঁধার ফিতা ১০ টাকা করে বিক্রি করছেন। বুধবার সিলেটে এসেছেন তিনি। এক দিনে তিনি প্রায় এক হাজার টাকার পণ্য বিক্রি করেছেন।
মানিকগঞ্জ থেকে কোট পিন নিয়ে আসা মো. উজ্জ্বল বলেন, তিনি নিজে বিএনপির সমর্থক। মূলত সমাবেশে যোগ দিতেই তিনি এসেছেন। সেই সঙ্গে ঢাকা থেকে কিছু সামগ্রী এনেছিলেন। সেগুলো পাইকারি দামে বিক্রি করছেন।
সমাবেশের মাঠে কোট পিন ও মাথায় বাঁধার ফিতা কিনছিলেন যুবদল নেতা সাবের রহমান। তিনি বলেন, সমাবেশস্থল ছাড়া এগুলো পাওয়া যায় না। তাই তিনি কিনে নিচ্ছেন।