![]()


করোনামুক্ত হলেন সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। করোনাকে জয় করে বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। আজ বুধবার (৩ জুন) তাকে ছাড়পত্র দেয়া হয়।
বুধবার দুপুর ৩ টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় যান তিনি।
এর আগে করোনা মুক্ত হয়ে তিনি বুধবার হাসপাতাল ত্যাগ করছেন-এমন খবর শোনার পর থেকে দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে সেই ভিড় আরো বেড়ে যায়।
কাউন্সিলর আজাদকে স্বাগত জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান।
কাউন্সিলর আজাদ এ সময় বলেন, ‘আমার সুস্থ হওয়ার মধ্য দিয়ে প্রমান হলো দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখনো ভেঙ্গে পড়েনি। বিশেষ করে সিলেটে করোনা হাসপাতাল খ্যাত সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণ এবং স্বাস্থ কর্মীদের আন্তরিকতার মাধ্যমে আমি করোনামুক্তি হতে পেরেছি।’
এর আগে গত ২৪ মে আজাদুর রহমান আজাদ করোনা শনাক্ত হয়। প্রথম দিকে তাঁর শারীরিক অবস্থা ভালো থাকায় তাকে বাসায় আইসোলেশনে রাখা হয়েছিলো। পরে গত ২৮ মে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার কিছুটা অবনতি হলেও শেষমেশ করোনাকে জয় করলেন তিনি।