![]()

খাদিমপাড়ার কল্লগ্রামের রেজিয়া পারভীন মৌরসি সম্পত্তি আত্মসাৎ করতে জাল জালিয়াতির পাশাপাশি মিথ্যা মামলা ও অপপ্রচার করে পারিবারিক ও সামাজিক সুনাম নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন একই গ্রামের রেজাউল করিম রাজু। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রাজু।
লিখিত বক্তব্যে রাজু বলেন, কল্লগ্রামের মৃত মঈন উদ্দিনের মেয়ে রেজিয়া পারভীন সংবাদ সম্মেলন করে তার ভাই তাজ উদ্দিনসহ অন্যদের জড়িয়ে ভূমি দখলের যে অভিযোগ করেছে তা সঠিক নয়। সিলেট সদর উপজেলার খিদিরপুরে তাদের মৌরসি সম্পত্তি রয়েছে। এ সম্পত্তি গ্রাস করতে রেজিয়া পারভীন ও তার সহযোগীরা বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছে। এর অংশ হিসেবে রেজিয়া পারভীনের বড়ভাই হাবিবুর রহমান মামলা করলে আদালত নথি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা না পেয়ে ২০১৭ সালের ১৬ জানুয়ারি মামলার রায় আমাদের পক্ষে আসে।
এরপর থেকে রেজিয়া পারভীন আরো রেপরোয়া হয়ে তাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লাগেন। বিভিন্ন সময়ে একাধিক মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত ও হয়রানি করে আসছেন। রাজু বলেন, মৌরসি ভূমির এসএ রেকর্ডীয় মালিক ও দখলদার আমরা। কিন্তু বর্তমান জরিপে বিভিন্ন ধরনের জাল দলিল দিয়ে রেজিয়া পারভীন তার নামে রেকর্ড নিয়ে নেন। যার বিরুদ্ধে আমরা আইনানুগ পদক্ষেপ নিচ্ছি। আমার ভাই কর্তৃক হুমকি দেওয়ার যে অভিযোগ করেছেন রেজিয়া পারভীন তাও ভিত্তিহীন। বিজ্ঞপ্তি