![]()


দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই বাজারের ফুটপাত ও সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে দিরাই পৌরসভা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পৌর প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন দোকানের সামনে অবৈধভাবে স্থাপন করা ত্রিপল, বাঁশ ও বিলবোর্ড অপসারণ করা হয়। এ সময় বাজারের ইউপি রোডে অবস্থিত বাউসী স্টোর নামের একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া একই সড়কে দোলতপুর ভিলার সামনে সরকারি জায়গায় ব্যক্তিগত নলকূপ স্থাপনের কাজ শেষে নির্মাণ করা পাকা বক্সও উচ্ছেদ করা হয়।
পৌর প্রশাসক জানান, দিরাই বাজারের যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বাজারের সড়ক ও ফুটপাতের অবৈধ দখল কমবে এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।