![]()


বড়লেখা প্রতিনিধি ::
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি প্রয়াত মুহাম্মদ আব্দুল আউয়াল তালুকদারের স্মরণসভা, দোয়া মাহফিল ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার পূর্ব রাজাবাজারের রোটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রয়াত মুহাম্মদ আব্দুল আউয়াল তালুকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সমিতির স্থায়ী কমিটির চেয়ারম্যান মুহাঃ জাহিদুর রহমান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান মো. আব্দুস সালাম ও সদস্য সচিব মো. আনোয়ার হোসেন ভূঞা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম মুহাম্মদ আব্দুল আউয়াল তালুকদারের স্ত্রী আঙ্গুরী বেগম।
সমিতির মহাসম্পাদক এটিএম মুনীরুজ্জামান ও সিনিয়র যুগ্ম মহাসম্পাদক শাহরুখ ইসতিয়াক খান সাকিব সভা সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন নির্বাহী সভাপতি কামরুল হাছান, সিনিয়র সহ-সভাপতি এ কে আজাদ ও মোহসিন ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম মহাসম্পাদক মহসিন খান, অর্থবিষয়ক সম্পাদক ওয়াহিদ উদ্দিন ভূঁইয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আল কয়েস চৌধুরীসহ অনেকে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মঞ্জু লাল দে।
বর্ধিত সভায় শিক্ষকদের বিভিন্ন দাবি ও সাংগঠনিক বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে আসন্ন পে-স্কেল কার্যকরের আগে সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীতকরণ, প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে ফিক্সেশনের জটিলতা নিরসন এবং নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।
এছাড়া প্রধান শিক্ষক পদে আসন্ন পদোন্নতির ক্ষেত্রে চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের যোগদানের তারিখ থেকে পদোন্নতি নিশ্চিত করা এবং যথাযথ গ্রেডেশন অনুসরণ করে পদোন্নতি দেওয়ার দাবি জানানো হয়।
নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের আগে যেকোনো সংখ্যক শিক্ষকবিশিষ্ট বিদ্যালয় থেকে প্রতিস্থাপনের মাধ্যমে সহকারী শিক্ষকদের বদলির সুযোগ সৃষ্টিরও দাবি জানানো হয়।
সভায় সমিতির সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ আব্দুল আউয়াল তালুকদারসহ প্রয়াত সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় শোক প্রস্তাব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রয়াত আব্দুল আউয়াল তালুকদারের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় এবং রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের পত্রের আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে বিভাগীয় সফরেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।