![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে উত্তোলন ও লুটের অভিযোগে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ আগস্ট) দুপুর থেকে সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে এই অভিযান চলছে।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানিয়েছেন, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে দীর্ঘদিন ধরে সাদা পাথর থেকে পাথর লুটে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে, যা দুদককে ইনফোর্সমেন্ট পরিচালনায় উদ্বুদ্ধ করে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, একসময় পাথরে ভরপুর এই পর্যটন কেন্দ্রের প্রায় ৭৫ শতাংশই এখন নেই, বাকি ২৫ শতাংশও অস্তিত্ব সংকটে। পর্যটকরা হতাশ হয়ে ফিরছেন, আর প্রাকৃতিক সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুদক উপপরিচালক নাজমুস সাদাত সাংবাদিকদের বলেন, “এটি মূলত স্থানীয় প্রশাসনের দায়িত্ব ছিল। তারা যদি সতর্ক থাকত, এত বড় লুটপাট সম্ভব হতো না। কয়েকশ কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ এখানে আত্মসাৎ করা হয়েছে। এর সঙ্গে প্রভাবশালী ব্যক্তি, স্থানীয় ব্যবসায়ী ও স্টোন ক্রাশার মালিকদের সম্পৃক্ততার অভিযোগ আছে।” তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শনের প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রায় এক বছর ধরে সাদা পাথরে পাথর লুট চলছে, তবে গত ১৫ দিনে তা ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়দের অভিযোগ, শুধু পাথর নয়, নদী তীরের বালু ও মাটিও খুঁড়ে নিয়ে যাওয়া হয়েছে।
অভিযোগ অস্বীকার করে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আদনান বলেন, খবর পেলেই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয় এবং নিয়মিত টহল দেওয়া হয়।
এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেবে। জেলা প্রশাসক জানিয়েছেন, অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাদা পাথরে প্রকাশ্যেই লুটপাট শুরু হয়, যা প্রশাসনের তৎপরতায় কিছুদিন বন্ধ থাকলেও সম্প্রতি আবারও বেড়ে যায়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনসহ একাধিক রাজনৈতিক নেতার নাম উঠে এসেছে। সোমবার পাথর লুটের অভিযোগে সাহাব উদ্দিনের পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি।