![]()


স্টাফ রিপোর্টার ::
রাষ্ট্রপতির আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফর উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সিলেট সার্কিট হাউজে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
সভায় রাষ্ট্রপতির সফরের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা, অভ্যর্থনা, প্রশাসনিক সমন্বয় এবং সফরসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, রাষ্ট্রপতির সিলেট সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটের নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।
তিনি বলেন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে সফর উপলক্ষে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার পর জেলা প্রশাসন সে অনুযায়ী সার্বিক প্রস্তুতি গ্রহণ করবে। রাষ্ট্রপতির আগমন থেকে শুরু করে সফর শেষে বিদায় পর্যন্ত পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মন্ত্রী স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি রাষ্ট্রপতির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। এ জন্য প্রয়োজনীয় তালিকা প্রস্তুত ও আমন্ত্রণের বিষয়টি যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশনাও দেন তিনি।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।