![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেটে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক ছুরিকাঘাতের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় এয়ারপোর্ট থানাধীন খাদিমনগরে মোঃ আজাদ (২৫) এবং বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টায় জালালাবাদ থানার শাহজালাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মাদ্রাসা শিক্ষক মাওলানা যুবায়ের আহমদ (৪৫) খুন হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে আখালিয়া বড়গুল এলাকায় ভাতিজা নয়নের ছুরিকাঘাতে নিহত হন মাওলানা যুবায়ের আহমদ। নিহত যুবায়ের স্থানীয় ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার সুপার এবং মৃত মদরিছ আলীর ছেলে। ঘটনার সময় রাস্তার পানির ছিটা নিয়ে নয়নের সঙ্গে কথা কাটাকাটি হলে সে অতর্কিতভাবে চাকু দিয়ে হামলা চালায়। স্থানীয়রা গুরুতর আহত যুবায়েরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জালালাবাদ থানার ওসি হারুন অর রশীদ জানান, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বুরজান চা বাগান সংলগ্ন খাদিমনগর জাতীয় উদ্যানের কাছে কুপিয়ে হত্যা করা হয় আজাদুর রহমান আজাদকে। নিহত আজাদ গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামের আব্দুল জলিলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১,৫০০ টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের দেলোয়ার উরফে ধান্দা ও সহযোগীরা পরিকল্পিতভাবে এ হামলা চালায়। এসময় আজাদের সঙ্গে থাকা আরেক যুবক গুরুতর আহত হন।
এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিছুর রহমান জানান, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটেছে এবং খুনীরা শনাক্ত হয়েছে।
এসএমপির মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।